সর্বশেষ

বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

বগুড়ায় কোরবানির আগে মায়ের কাছে ছুটে গেল গরু!

বগুড়ায় কোরবানির আগে মায়ের কাছে ছুটে গেল গরু!

প্রাণিকুলে মানুষের মতোই অন্যান্য প্রাণীর মধ্যেও মায়ের প্রতি গভীর ভালোবাসা বা টান নতুন কিছু নয়। তবে বগুড়ায় খামারে পালিত কোরবানির একটি গরু তার মায়ের প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, তা সত্যিই বিরল। মা ছাড়া থাকতে না পারা এই বাচ্চা গরুকে জবাই করতে গিয়ে রীতিমতো লঙ্কাকাণ্ড বেঁধে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া মহানগরের সূত্রাপুর ডা. ইসহাক লেনের বাসিন্দা আবদুর রহমান কোরবানির জন্য প্রায় তিন কিলোমিটার দূরে নগরীর মালতিনগর এলাকার মাহবুবর রহমান নামে এক ব্যক্তির খামার থেকে কয়েক দিন আগে ১ লাখ ১৫ হাজার টাকায় একটি গরু কেনেন। শর্ত অনুযায়ী, গরুটি খামার থেকে ঈদের আগের দিন ২৭ মে রাতে ক্রেতা আবদুর রহমানের সূত্রাপুর এলাকার বাড়িতে নেওয়ার কথা ছিল।

সেই অনুযায়ী আবদুর রহমান তার কেনা গরুটিনিতে নির্ধারিত দিন ও সময়ে ওই খামারে যান। কিন্তু তিনি গরুটিকে কোনোভাবেই নিতে পারছিলেন না। কারণ, দড়ি ধরে টানতেই গরুটি বারবার ছুটে তার মা গরুর কাছে চলে যাচ্ছিল। এভাবে কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর খামার মালিক বাধ্য হয়ে বিক্রি করা গরুর সঙ্গে তার মাকে নিয়ে ক্রেতার বাড়ির উদ্দেশে রওনা হন। পরে তিনি বিক্রি করা গরুটি ক্রেতার বাড়িতে বেঁধে রেখে তার মাকে নিয়ে খামারে ফিরে যান।

তবে মূল বিপত্তি ঘটে ঈদের দিন সকালে। সকাল ৯টার দিকে জবাই করার জন্য বাঁধা অবস্থা থেকে দড়ি খোলার সময় হঠাৎ কেনা গরুটি দৌড় শুরু করে। গরুটিকে ধরতে পেছনে পেছনে ক্রেতা এবং তার সঙ্গীরাও দৌড় দেন, কিন্তু তাকে শেষ পর্যন্ত আর ধরা সম্ভব হয়নি। পরে গরুর ক্রেতা আবদুর রহমান খোঁজ নিতে বিক্রেতার খামারে যান এবং সেখানে গিয়ে রীতিমতো বিস্মিত হন। তিনি দেখতে পান, পালিয়ে আসা গরুটি সেই খামারে ঠিকই তার মায়ের পাশে দাঁড়িয়ে আছে।পরে আবারও ক্রেতা গরুটিকে জবাইয়ের জন্য ওই খামার থেকে তার বাড়িতে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু আগের দিনের মতোই তিনি ব্যর্থ হন। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়েই খামার মালিক বিক্রি করা ওই গরুকে তার মায়ের সঙ্গে নিয়ে আবার ক্রেতার বাড়ির উদ্দেশে রওনা হন। এরপর দুপুরের দিকে মাকে দূরে দাঁড়িয়ে রেখে বিশেষ ব্যবস্থায় সেই গরুটিকে জবাই করা হয়। মায়ের প্রতি একটি অবলা প্রাণীর এমন গভীর ভালোবাসা নগরবাসীর নজর কেড়েছে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বুধবার, ২৭ মে, ২০২৬

ঢাকাস্থ সখীপুর থানা স্টুডেন্টস্ এসোসিয়েশনের ২০২৬-২৭ সালের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ অনুমোদন

ঢাকাস্থ সখীপুর থানা স্টুডেন্টস্ এসোসিয়েশনের ২০২৬-২৭ সালের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ অনুমোদন

সখীপুরের শিক্ষার্থীদের সংগঠন “ঢাকাস্থ সখিপুর থানা স্টুডেন্টস্ এসোসিয়েশন”-এর ২০২৬-২৭ সালের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদের অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৭ মে সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে ডি. এম. রিফাতকে সভাপতি এবং আল সাকিব রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ঢাকায় অবস্থানরত সখীপুর থানার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, শিক্ষা সহায়তা, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সংগঠনটি। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব হবে বলে আশা প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে শিক্ষার্থীদের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে সংগঠনের সাবেক নেতৃবৃন্দ ও অ্যালামনাই সদস্যরা নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আহমেদ আজম খান এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি ডি. এম. রিফাত, সাধারণ সম্পাদক আল সাকিব রহমানসহ অন্যান্য সদস্যরা।
এসময় মাননীয় মন্ত্রী সংগঠনটির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থেকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনটিকে আরও এগিয়ে নিতে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন তিনি।

সোমবার, ২৫ মে, ২০২৬

ছাদের পানি পড়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

ছাদের পানি পড়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

 মির্জাপুরে ছাদের পানি নিচে পড়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৫মে) বেলা ১১টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা উত্তরপাড়া এলাকায় ঘটনাটি ঘটলে মুহুর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত ওই গ্রামের মৃত কিতাব আলীর ছেলে খোরশেদ মিয়া (৬০)।

নিহতের স্ত্রী হাছনা বেগম বলেন, সকালে সেদ্ধ ধান শোকানোর জন্য বাড়ির পাশেই এক ভাতিজার নির্মাণাধীন দু,তলা ভবনে যায় খোরশেদ। বৃষ্টির পানি জমে থাকায় সে ছাদে জমে থাকা পানি সরাতে থাকে। এসময় পানি গড়িয়ে নিচে পড়তে থাকে। পরে পানি পড়াকে কেন্দ্র করে তার ছোট ভাই মো. রোমেজ মিয়া ওরফে রোমে তার সাথে বাকবিতণ্ডায় জড়ায়। বাকবিতণ্ডা শেষে রোমে ওইস্থান থেকে সরে গিয়ে কিছুক্ষণ পর কোদাল নিয়ে এসে অতর্কিতভাবে তার বুকের ওপর আঘাত করলে সে গুরুতর আহত হয়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। প্রসঙ্গত, নির্মাণাধীন ওই ভবনের নিচতলার একটি কক্ষে অভিযুক্ত খুনি রোমেজের ধানের বস্তা ছিলো।

নিহতের স্ত্রী হাছনা বেগম, ছেলে হাসানসহ স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে আটক করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

এ বিষয়ে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছ। তাকে আটক করতে পুলিশ অভিযান পরিচালনা করছে। মামলা প্রক্রিয়াধীন।

রবিবার, ২৪ মে, ২০২৬

টাঙ্গাইলের কালিহাতীতে রডরোঝাই ট্রাকে উল্টে অন্তত ১৫ জন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে রডরোঝাই ট্রাকে উল্টে অন্তত ১৫ জন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে রডরোঝাই ট্রাকে উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েজন।

সোমবার (২৫ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোগারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার, ২৩ মে, ২০২৬

৫ দিনের অনশনের পর অবশেষে প্রেমিক সাব্বিরের সঙ্গে ৮ লাখ টাকা কাবিনে বিয়ে সম্পন্ন।

৫ দিনের অনশনের পর অবশেষে প্রেমিক সাব্বিরের সঙ্গে ৮ লাখ টাকা কাবিনে বিয়ে সম্পন্ন।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বালিয়াজান গ্রামে প্রেমিকের বাড়িতে টানা পাঁচ দিন অনশন করার পর অবশেষে বিয়ে সম্পন্ন হয়েছে এক সন্তানের জননী প্রবাসীর স্ত্রীর। শুক্রবার (২৩ মে) রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ৮ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে গত মঙ্গলবার সকাল থেকে প্রেমিক সাব্বির হোসেনের বাড়িতে অবস্থান নেন ওই নারী। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি, মাতবর ও উভয় পরিবারের সদস্যদের মধ্যস্থতায় কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হয়।
অবশেষে শুক্রবার রাতে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বালিয়াজান গ্রামে পারিবারিকভাবে সাব্বির হোসেনের সঙ্গে ওই নারীর বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে ৮ লাখ টাকা কাবিন নির্ধারণ করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে সামাজিক সমাধান হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টিকে পারিবারিক ও সামাজিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে মন্তব্য করছেন।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, দীর্ঘ আলোচনা ও সামাজিক চাপের মুখে উভয় পক্ষের সম্মতিতেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

সখীপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

সখীপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

সখীপুর (টাঙ্গাইল):
টাঙ্গাইলের সখীপুর উপজেলার পৌরসভার কাহারতা ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। ফয়সাল ওভারসীজের স্বত্বাধিকারী ও দানবীর আলহাজ্ব ফারুক হোসেন বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টার দিকে মাদরাসা প্রাঙ্গণে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে এসব ব্যাগ তুলে দেন।
অনুষ্ঠানে মাদরাসার সুপার আ. মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব ফারুক হোসেন। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান-এর ভিশন অনুসারে এবং টাঙ্গাইল-বাসাইল-সখীপুর আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান-এর প্রতিশ্রুতির ভিত্তিতে যুগোপযোগী শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। কোমলমতি শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে পারলে দেশ আরও সমৃদ্ধ হবে এবং বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে।
এসময় তিনি সখীপুরের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবসময় নিজেকে সম্পৃক্ত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক আবুল কালাম আজাদ, মাওলানা আহমদ আলী, একলাছ হায়াত সরোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শনিবার, ২ মে, ২০২৬

থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

থানা দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

 ঢাকাসহ সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।থানা পরিদর্শনকালে মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ ও হাজতখানাসহ থানার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি থানার ওসি ও ডিউটি অফিসারসহ কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।মন্ত্রী সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে (সেবাগ্রহীতাদের) সেবা প্রদানের জন্য উপস্থিত পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পুলিশ সদস্যদের মধ্যে কারো বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তাদের রিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী হুঁশিয়ারি দেন।